আবারও ভারতের উত্তরপ্রদেশে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ। অবৈধভাবে মুসলিমদের উপাসনাস্থল ভাঙা হয়েছে বলে সরব হয়েছে উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। তাদের পাশে দাঁড়িয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম ল’বোর্ডও।
সোমবার রাতে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার এ মসজিদটি ভাঙে যোগী প্রশাসন। যদিও প্রশাসনের দাবি, মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। তাই সেটি ভেঙে ফেলা হয়েছে।
উগ্র হিন্দুত্ববাদী বলে পরিচিত বিজেপি নেতা যোগী আদিত্যনাথের রাজ্যের রাম সনেহি ঘাটের লোকালয়ে গরিবে নামাজ মসজিদটি ছিল। যদিও প্রশাসনের দাবি, ওই নির্মাণটি বেআইনি। মসজিদটি নিয়ে উত্তরপ্রদেশের আদালতে দীর্ঘদিন ধরে মামলাও চলছিল। গত মার্চ মাসে এ নিয়ে মসজিদ কর্তৃপক্ষকে নোটিসও দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু মসজিদ কর্তৃপক্ষ তার জবাব দেয়নি বলে খবর। এদিকে ১৭ মে ওই নির্মাণ ভেঙে ফেলার অনুমতি পায় প্রশাসন। এর পরই ভেঙে ফেলা হয় মসজিদ।
এ প্রসঙ্গে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের কার্যকরী সাধারণ সম্পাদক মৌলানা খালিদ সাইফুল জানিয়েছেন, “কোনওরকম আইনি প্রক্রিয়া ছাড়াই পুলিশের উপস্থিতিতে গরিবে নামাজ মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে।” তাদের দাবি, “মসজিদটা নিয়ে কোনও সমস্যাই ছিল না। বরং মসজিদটি সুন্নি ওয়াকফ বোর্ডে নথিভুক্ত রয়েছে। রাম সনেহি ঘাটের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মসজিদ কর্তৃপক্ষের কাছে নথি দেখতে চেয়েছিল মার্চ মাসে। যার পালটা এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কর্তৃপক্ষ।”
মসজিদ ভেঙে ফেলার বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন তারা। তাদের কথায়, প্রশাসনের উচিত মসজিদ তৈরি করে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া। যদিও বেআইনিভাবে মসজিদ ভাঙার অভিযোগ অস্বীকার করেছে যোগী প্রশাসন। তাদের দাবি, আদালতের নির্দেশেই এই কাজ করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।